News71.com
 Bangladesh
 18 May 19, 09:14 PM
 178           
 0
 18 May 19, 09:14 PM

ক্যাডারভুক্তির দাবিতে রাজপথে চিকিৎসকরা

ক্যাডারভুক্তির দাবিতে রাজপথে চিকিৎসকরা

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ক্যাডার থেকে বঞ্চিত হওয়ায় রাজপথে আন্দোলনে নেমেছেন ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডাররা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় আড়াই হাজার নন-ক্যাডার চিকিৎসকের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নন-ক্যাডার চিকিৎসকরা বলেন, দেশে চিকিৎসকের সংকট রয়েছে। অথচ আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ক্যাডারভুক্ত করা হয়নি।পদ সৃজন না করায় লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যাতার পরিচয় দিলেও আমাদের নন-ক্যাডার করা হয়েছে। আমরা তা মেনে নেব না, আমাদের ক্যাডারভুক্ত করে দেশের যে কোনো স্থানে নিয়োগ দিলে সেখানে গিয়ে আমরা চিকিৎসাসেবা দেব। ক্যাডারভুক্ত না করা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ২০১৭ সালের এপ্রিল মাসে সারাদেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করে।

এ পরীক্ষায় ৩৮ হাজার চিকিৎসক অংশগ্রহণ করে আট হাজার ৩৬০ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অর্জন করেন। তবে শূন্যপদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ মাত্র চার হাজার ৫০০ জনকে ক্যাডার করে অন্যদের নন-ক্যাডার করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী মাহমুদুল হাসান বলেন, আমাদের দাবি ন্যায্য। আমরা এখানে আন্দোলন করতে আসিনি, দাবি আদায় করতে এসেছি। আশা করি, সরকার আমাদের দাবি মেনে নেবে। কর্মসূচিতে অংশ নেওয়া রাফা বিনতে নূর বলেন, যোগ্য হওয়ার পরও ক্যাডারভুক্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের নন-ক্যাডার করা হয়েছে, যার কোনো ভবিষ্যৎ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা করা হবে। সেখানে গিয়ে আন্দোলনে যুক্ত হওয়া সবার গণস্বাক্ষর নেওয়া হবে। সেই গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন