News71.com
 Bangladesh
 18 May 19, 08:26 PM
 248           
 0
 18 May 19, 08:26 PM

বিক্রয় ডটকমে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ডেকে নিয়ে টাকা ছিনতাই॥

বিক্রয় ডটকমে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ডেকে নিয়ে টাকা ছিনতাই॥

নিউজ ডেস্কঃ অনলাইনে পণ্য কেনা-বেচার মাধ্যম বিক্রয় ডটকমসহ বিভিন্ন সাইটে বাজারমূল্যের চেয়ে কম দাম উল্লেখ করে বিজ্ঞাপন দিত একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। এরপর কেউ মোবাইল কিনতে আগ্রহী হলেই যেতে বলা হতো নির্দিষ্ট কোন স্থানে। আসলে পুরোটাই ছিল ছিনতাইকারী চক্রের ফাঁদ। সেই নির্দিষ্ট স্থানে মোবাইল আনতে গেলেই সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল বা যে কোনো মূল্যবান সামগ্রী খোয়াতেন আগ্রহী ক্রেতারা। উল্লেখিত স্থানে আগে থেকেই উৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা ধারালো অস্ত্রের মুখে কেড়ে নিতো সবকিছু। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব পন্থায় ছিনতাইকারী চক্রের এমনই ৬ সদস্যকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যা ব জানায়, আটকরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রাথমিক পর্যায়ে পণ্য কেনা বেচার বিভিন্ন অনলাইন পেইজে বাজার মূল্যের চেয়ে কম দামে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপন দিতো। বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এই চক্রের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। আর এ সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সুবিধাজনক স্থানে আগ্রহী ব্যক্তিকে ডেকে নিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করে পালিয়ে যেতো। র্যা ব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন নিউজ৭১ কে বলেন, চক্রটির মূল হোতা শাহিন ও শাকিল। শাহিন ছিনতাই কাজের কৌশল হিসেবে প্রাথমিকভাবে অনলাইনে বিক্রয়ডটকম সাইটে বাজার দামের চেয়ে অনেক কম দামে মোবাইল ফোন বিক্রয়ের বিজ্ঞাপন দিতেন। পরে শাকিল পূর্ব নির্ধারিত সুবিধাজনক জায়গায় ভিকটিমদের আসতে বলতেন। ভিকটিম নির্ধারিত স্থানে আসলে মারধর করে মোবাইল, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। চক্রটি টঙ্গী, আব্দুল্লাহপুর, চৌরাস্তা, বেড়িবাধ, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সালাউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন