
নিউজ ডেস্কঃ এ দেশে টেকনিক্যাল কাজের জন্য লোক পাওয়া যায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দক্ষ মেডিকেল টেকনোলজিস্টেরও অভাব আছে। তিনি বলেন, দেশে মানসম্পন্ন ডাক্তার ও নার্সের অভাব রয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি আজ শনিবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার সমস্যা দীর্ঘদিনের। মন্ত্রী হওয়ার আগে থেকেই এ নিয়ে কাজ করেছি। এজন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এতো কাজ হচ্ছে। এ হাসপাতাল ৫০০ বেড থেকে ৯০০ বেডে উন্নীত করা হয়েছে। তিনি বলেন, ওসমানী হাসপাতালে ২ হাজার ৪০০ রোগী সেবা নেন। পাশাপাশি আউটডোরেও প্রতিদিন চার হাজারের মতো রোগী সেবা নিচ্ছেন। ড. মোমেন বলেন, এই সেবা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ডাক্তার যেমন নেই, তেমনি নেই যন্ত্রপাতিও।’
তিনি বলেন, শুধু ওসমানী হাসপাতালের ওপর জোর দিলে নানা সমস্যা হয়। এজন্য সিলেটে ২৫০ শয্যার সদর হাসপাতালের কাজ চলছে। তবে একটি মহল এটা দীর্ঘায়িত করতে চাচ্ছে। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই ও সিটিস্ক্যান উইংয়ের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।