
নিউজ ডেস্কঃ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সফর করছে মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্প্ ও ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছে। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টংয়ের নেতৃত্বে প্রতিনিধিদল গত ১৬ মে কক্সবাজারে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প এবং মালয়েশিয়া কর্তৃক স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিওয়ের সাথে মত বিনিময় করেন। ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে কমিউনিটি লিডাররা অনতিবিলম্বে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। এ ছাড়া, তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশসমূহের প্রচেষ্টায় এই মানবিক বিপর্যয় আশু সমাধানের জন্য অনুরোধ জানায়।