News71.com
 Bangladesh
 18 May 19, 06:07 PM
 100           
 0
 18 May 19, 06:07 PM

মান্নাকে বগুড়ায় প্রার্থী হতে প্রস্তাব বিএনপির

মান্নাকে বগুড়ায় প্রার্থী হতে প্রস্তাব বিএনপির

নিউজ ডেস্কঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (বগুড়া-৬) শূন্য আসনে প্রার্থী খোঁজা শুরু করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী হতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। জানতে চাইলে মান্না গতকাল শুক্রবার বলেন, এটা প্রস্তাব কিনা জানি না। প্রস্তাব পেলে অংশ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না। নাগরিক ঐক্যের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এ সপ্তাহের শুরুতে বিএনপির হাইকমান্ড থেকে মান্নাকে এই প্রস্তাব দেওয়া হয়। এর জবাবে মান্না বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে তো? বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলের মহাসচিবের ঘনিষ্ঠজনরা চান মির্জা ফখরুলই বগুড়া উপনির্বাচনে অংশ নিন। তবে এ বিষয়ে মির্জা ফখরুলের কোনো মন্তব্য জানা যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, এমন ব্যক্তিকে বগুড়া-৬ উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হবে, যিনি শক্তভাবে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে রাজি হলে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বা গয়েশ্বরচন্দ্র রায়কে বেছে নেওয়া হতে পারে। অথবা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন, ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি জিএম সিরাজকেও দেখা যেতে পারে। তবে সব কিছু নির্ভর করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর। কারণ হিসেবে সূত্র বলছে, এই নেতাদের কেউই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার পক্ষে নন। সেক্ষেত্রে নতুন কাউকে বেছে নেওয়া হতে পারে।

দলের এক নেতা জানান, একইভাবে সংরক্ষিত নারী আসনে তাকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলের উদ্দেশ্য সফল করতে পারবেন। বিএনপির একটিমাত্র সংরক্ষিত আসনে এখন পর্যন্ত আলোচনায় আছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সম্পাদক রেহেনা আক্তার রানু, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আসিফা আশরাফী পাপিয়া ও নিলুফার চৌধুরী মনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন