News71.com
 Bangladesh
 17 May 19, 11:24 PM
 553           
 0
 17 May 19, 11:24 PM

ইফতার শেষ হতে না হতেই ঢাকায় কালবৈশাখীর হানা॥ ৯৩ কিমি বেগে ঝড়, নিহত ৪ আহত ২০

ইফতার শেষ হতে না হতেই ঢাকায় কালবৈশাখীর হানা॥ ৯৩ কিমি বেগে ঝড়, নিহত ৪ আহত ২০

নিউজ ডেস্ক : ইফতারির পর হঠাৎ ৯৩ কিলোমিটার বেগে রাজধানীর ওপর দিয়ে বয়ে গেলো কালবৈশাখী ঝড়। ঝড়ের দাপটে ইফতার ও নামাজের জন্য নির্মিত অস্থায়ী প্যান্ডেল ভেঙে বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে মারা গেছেন এক মুসল্লি। এছাড়াও গুলশানের উপকণ্ঠ বাড্ডায় দেয়াল ধসে মারা গেছেন অন্তত তিনজন। ভেঙে পড়েছে গাছের ডাল। জৈষ্ঠ্য মাসে এমন আরও কয়েকটি কালবৈশাখী মাঝে মধ্যে হানা দেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠেছিল বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। আগারগাঁওয়ে ৬৫ কিলোমিটার বেগে এ ঝড় বয়ে যায়। দেশের অন্যান্য স্থানেও এ ঝড় বয়ে গেছে। রংপুরে এ ঝড়ের গতি ছিল ৬৭, বগুড়ায় ৬৫ ও রাজশাহীতে ৫২ কিলোমিটার। হঠাৎ এ ঝড় রাজধানীর বিভিন্ন স্থানে বেশ তাণ্ডব চালিয়ে গেছে প্রকৃতিতে। ভেঙে পড়েছে বিভিন্ন স্থাপনা, গাছপালা। উড়িয়ে নিয়ে গেছে ঘরের চাল। ইফতারির পরপরই হওয়ায় ঘরে ফেরা অনেক মানুষও বেশ বিপাকে পড়তে হয়। সঙ্গে দমকা বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বাড়ে।

দমকা বাতাস ও ঝড়ো বৃষ্টির কবলে পড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পশ্চিমপাশে মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৩ জন। বায়তুল মোকাররমে চলছে উদ্ধার কাজ এছাড়া মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হন। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তবে তিনজনই মারা গেছেন।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে আরও জানিয়েছে, সাগরে লঘুচাপ আছে। সোমবার নাগাদ তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতাও কিছুটা বাড়বে। আর শনিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত ২৪ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সঙ্গে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ মেঘলা থাকবে। তবে কালবৈশাখী ও ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন