
নিউজ ডেস্কঃ ইফতারের আগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় বজ্রপাতে দুইজন নিহতরা হলেন, শ্রীরামপুর গ্রামের হযরত আলী’র ছেলে রেজাউল হক (৪২) ও একই গ্রামের মোতালেবের ছেলে মোশারফ ওরফে মুসা (৪৫)। এক ঘটনায় একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে হযরত আলী (৬০) নামে একজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ও সদর থানার উপপরিদর্শক(এসআই) জাহিদ হোসেন জানান, বিকেলে ইউনিয়নের শ্রীরামপুরে মাঠে ধান কাটার সময় ঝড়বৃষ্টি শুরু হলে গ্রামে ফেরৎ আসার পথে ওই তিনজন বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলে দুই জন নিহত ও একজন আহত হন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে একই সময়ে বজ্রপাতে নওগাঁর পোরশা উপজেলার গানুইর গ্রামে মালিপুকুর মাঠে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার নিতপুর ইউনিয়নের গানুইর গ্রামের আজাদ হোসেনের ছেলে শফিনুর রহমান বিষু (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিঠাইল গ্রামের মতিউর রহমানের ছেলে হাসান আলী (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ধান কাটার কাজ করছিলেন শফিনুর রহমান ও হাসান আলীসহ কয়েকজন। বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে শ্রমিকরা মাঠ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই শফিনুর রহমান ও হাসান আলী মারা যান। এ সময় বুলবুল নামে আরেকজন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।