
নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষের দিকে একসঙ্গে ৩ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮-৯ দিনের প্রস্তাবিত ওই সফর শুরু হবে জাপান দিয়ে। মধ্যখানে সৌদি আরব আর সমাপ্তি ঘটবে ফিনল্যান্ড দিয়ে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরের সাথে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র প্শেখ হাসিনার টোকিও এবং জেদ্দা সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সরকার প্রধানের হেলসিঙ্কি সফরের বিষয়ের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানগন যে কোনো দেশ সফরে গেলে হোস্ট কান্ট্রির সর্বোচ্চ পর্যায়ে দেখা-সাক্ষাৎ তথা ভাবের আদান-প্রদান হয়ে থাকে । সূত্রমতে, সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী আগামী ২৮ শে মে টোকিও’র উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। বর্তমানে হেলসিঙ্কি সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসকল কর্মসূচি চুড়ান্ত করার কাজ চলছে ।
২৯ শে মে জাপান পৌঁছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসাবে বাংলাদেশকে জাপানের অতিরিক্ত ২২০ কোটি ডলার দেয়ার বিষয়ে একটি সমঝোতা সই হওয়ার প্রস্তাব রয়েছে। দ্বিপক্ষীয় ওই বৈঠক ছাড়াও টোকিওতে ৩০শে মে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের সমাপনীতে অংশ নেবেন শেখ হাসিনা। জাপান সফর শেষে ৩০ মে টোকিও থেকে সরাসরি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ মে মক্কায় অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে (ওআইসির) অংশ নিবেন তিনি। ওই সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। ওআইসি সম্মেলনে অংশ নেয়া ছাড়াও সরকার প্রধানের ওমরাহ পালনের পরিকল্পনা রয়েছে। সৌদি আরব থেকে সরাসরি প্রধানমন্ত্রীর ফিনল্যান্ড সফরে যাওয়ার আলোচনা চলছে। তবে সব কিছু পরিকল্পনা মাফিক হলে ঈদের আগে দেশে ফেরার সম্ভবনা নেহই প্রধানমন্ত্রীর।