
নিউজ ডেস্কঃ উন্নত বিশ্বের আদলে সাজানো হচ্ছে দেশের ফায়ার সার্ভিসকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ফায়ারম্যান’ পদনাম বদলে করা হচ্ছে ‘ফায়ার ফাইটার’। নিয়োগবিধি সংশোধন ও জনবল কাঠামো বৃদ্ধির পাশাপাশি নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন। প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে আগুন নেভানো ও উদ্ধার কাজের জন্য কেনা হবে বিশেষ হেলিকপ্টার। ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে কল্যাণ ট্রাস্ট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরকে আরও শক্তিশালী করতেই এসব উদ্যোগ নেয়া হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র বলছে, দেশের সার্বিক উন্নয়নে ফায়ার সার্ভিসকে আরও আধুনিক করতে চায় সরকার। কেননা দেশে নগরায়ন ও শিল্পায়ন বৃদ্ধি পাওয়া অগ্নিঝুঁকিও তৈরি হচ্ছে। এই ঝুঁকি মাথায় নিয়েই উন্নত বিশ্বের আদলে সাজানো হচ্ছে ফায়ার সার্ভিসকে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইরান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ন্যায় অত্যাধুনিক যন্ত্রপাতিতে গড়ে তোলা হবে সেবাধর্মী এ প্রতিষ্ঠানটিকে। দেশের প্রতি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের পাশাপাশি ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশোধন করা হচ্ছে প্রতিষ্ঠানটির নিয়োগবিধিও। গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। ওই সময়ই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের বিদ্যমান পদসমূহের নাম বদলের নির্দেশনা দেন। ‘ফায়ারম্যান’-এর পরিবর্তে ‘ফায়ার ফাইটার’ নামকরণের প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হয়েছে।