
নিউজ ডেস্কঃ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের সংকট আরও ঘনীভূত হয়েছে। খেলাপি ঋণ আদায় করতে না পারায় একদিকে মূলধন ঘাটতি বাড়ছে। অন্যদিকে তারল্য সংকটে থাকা ব্যাংকটির 'ক্রেডিট লাইন' স্থগিত রেখেছে প্রায় সব বিদেশি ব্যাংক। এমনকি ব্যাংকটির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে আগ্রহ দেখাচ্ছে না দেশি-বিদেশি অন্যান্য ব্যাংক। ভালো গ্রাহকরা বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত ব্যাংকিং সেবা না পেয়ে চলে যাচ্ছেন অন্য ব্যাংকে। এ অবস্থায় ব্যাংকটির স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করা দুরুহ হয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয়ে লেখা বেসিক ব্যাংকের এক চিঠি থেকে এই দুরবস্থার বিষয়টি জানা গেছে। সম্প্রতি বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আহমেদ হোসেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে একটি চিঠি লেখেন। সেখানে ব্যাংকের দুরবস্থা মোকাবেলায় ৪ হাজার কোটি টাকা সহায়তা চান তিনি।