News71.com
 Bangladesh
 16 May 19, 12:23 PM
 134           
 0
 16 May 19, 12:23 PM

সরাসরি সাধারণ কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার।।খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সরাসরি সাধারণ কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার।।খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্কঃ সরকার সরাসরি সাধারণ কৃষকের কাছ থেকে ধান কিনবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রান্তিক কৃষক ছাড়া একটি ধানও কিনতে দেয়া হবে না। যাতে কৃষক ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারেন। গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, সরকার কৃষক বাঁচাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। যেসব এলাকায় বোরো ধান বেশি উৎপাদন হয় সেখানে স্টিল প্যাডিক সাইলো ড্রাই মেশিন স্থাপন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যাতে ১০ লাখ মেট্রিকটন ধান কেনা সম্ভব হয়। আগামী দেড় বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চাল রফতানির সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তিনি বলেন, কৃষিখাতে ভর্তুকি দিলেও তার ফল চাষিদের ঘরে পৌঁছায় না। বিদ্যুতের ভর্তুকি দিলেও কৃষকরা বিঘাপ্রতি জমি সেচের জন্য আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। অথচ, বিঘায় বিদ্যুৎ খরচ হয় ৭-৮শ’ টাকা। সেচ মালিকেরা অতিরিক্ত টাকা নেয়ায় কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

একটি পত্রিকার নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, টাঙ্গাইলে ধান পোড়ানোর ঘটনার বিষয়টি ছিল পরিকল্পিত। কারণ রিপোর্টাররা সকালেই চলে গেলেন। টিভি সকালেই চলে গেল। তার পরে ধানে আগুন দেয়া হল। এটি সরকারকে প্রযুর্দস্ত করার একটি পরিকল্পনা। কারণ সন্তান যতই বিকলাঙ্গ হোক না কেন একজন পিতা তাকে গলাটিপে হত্যা করতে পারেন না। ধানের দাম ২০০ টাকা হলেও কৃষক পোড়াবেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীম, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিল সিরাজী, সিরাজগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি আবদুল মোতালেব প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন