
নিউজ ডেস্কঃ গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে ২২ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার (১৫ মে) গ্রিনলাইন পরিবহনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ সময় দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা ও আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। গ্রিনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ।এর আগে ১০ এপ্রিল রাসেল সরকারকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বাকি ৪৫ লাখ টাকা দিতে গ্রিনলাইন কর্তৃপক্ষকে এক মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। আজ বুধবার গ্রিনলাইনের পক্ষে আবার সময় আবেদন করা হয়।
এসময় আদালত গ্রিনলাইনের আইনজীবী অজি উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, টাকা না দিয়েই সময় চাচ্ছেন? তা কী হয়। আপনাদের ব্যবসা কি বন্ধ আছে? আমরা কি রিসিভার নিয়োগ way দেবো? ঈদের ছুটির আগেই ১৮/১৯ মে’র মধ্যে কিছু টাকা পরিশোধ করে আদালতের আদেশ বাস্তবায়ন করুন। আমরা আপনাদের সমস্যা বিবেচনা করছি। অন্যথায় কী করতে হবে তা আমরা জানি।এরপর আদালত রাসেলকে ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়ে এ মামলার পরবর্তী আদেশের জন্য ২২ মে তারিখ ধার্য করেন।