
নিউজ ডেস্কঃ আগামী বাজেটে সামাজিক সুরক্ষা খাত অগ্রাধিকার পাবে। নতুন করে ১৩ লাখ দরিদ্র মানুষকে এই সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। বর্তমান বাজেটে সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় সাড়ে ৭৩ লাখ মানুষ বিভিন্ন ভাতা পান। আগামী বাজেটে এ সংখ্যা হবে ৮৭ লাখ। বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত নীতিনির্ধারক সূত্রে এসব তথ্য জানা গেছে। সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনগণের মাসিক ভাতা এবারের বাজেটে তেমন বাড়ানো হবে না। তবে নতুন করে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে। সব বিষয়ে ভাতা না বাড়লেও কিছু ক্ষেত্রে অবশ্য ভাতা বৃদ্ধির প্রস্তাব থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, এবারের বাজেটে যোগ্য সব প্রতিবন্ধীকে সামাজিক বেষ্টনীর আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তাদের মাসিক ভাতা ও পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষাবৃত্তির টাকা বাড়ানো হচ্ছে। বাড়ছে মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা।
আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ১৩ লাখের বেশি দরিদ্র জনগণ নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আসছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বয়স্ক ও বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচির আওতায় কমবেশি ৭৩ লাখ ৩৮ হাজার উপকারভোগী সরকারের কাছ থেকে নিয়মিত মাসিক ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরের বাজেটে এই সংখ্যা ৮৭ লাখে উন্নীত করা হচ্ছে। গত ২৯ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বাজেট নিয়ে এক বৈঠক হয়। ওই বৈঠকে আরও বেশি দরিদ্র জনগণকে সামাজিক নিরাপত্তাবলয়ের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে দুটি বিষয়ে গুরুত্ব দেন অর্থমন্ত্রী। প্রথমত, কর্মক্ষম ভাতাভোগীদের স্বাবলম্বী করা। দ্বিতীয়ত, সকল ভাতাভোগীকে দ্রুত অনলাইন ডাটাবেসের বা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা।
উল্লেখ্য বর্তমানে দশ লাখ অসচ্ছল প্রতিবন্ধী মাসিক ৭০০ টাকা করে ভাতা পান। এ ছাড়া অসচ্ছল প্রতিবন্ধী পরিবারের সদস্যরা শিক্ষার বিভিন্ন স্তরে নির্দিষ্ট অঙ্কের ভাতা পান। আগামী বাজেটে অসচ্ছল প্রতিবন্ধীদের আওতা বাড়িয়ে সাড়ে পনেরো লাখে উন্নীত করা হচ্ছে। ভাতা দেওয়া হবে ৭৫০ টাকা। এখন ৯০ হাজার অসচ্ছল প্রতিবন্ধী পরিবারের ছেলেমেয়ে শিক্ষার বিভিন্ন স্তরে (প্রাইমারি থেকে উচ্চতর) সর্বনিম্ন মাসিক ৭০০ টাকা এবং সর্বোচ্চ ১২০০ টাকা করে বৃত্তি পায়। আসন্ন বাজেটে বৃত্তির টাকা আরও ৫০ টাকা বাড়ানো হচ্ছে। সব মিলে সাড়ে ১৬ লাখ প্রতিবন্ধী ও তাদের পরিবারের শিক্ষিত ছেলেমেয়েকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা হচ্ছে, যা এখন আছে প্রায় এগারো লাখ। অর্থাৎ নতুন করে আরও অতিরিক্ত পাঁচ লাখ পঞ্চাশ হাজার আর্থিক সহায়তা পাবেন।