
নিউজ ডেস্কঃ পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে চাটমোহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে একই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ জিডি করেন। জিডিতে অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের শিক্ষকদের প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। জিডির আবেদনে মোট ৪১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন।জিডি সূত্রে জানা গেছে, সরকারিকরণের পদ সৃজনের তথ্য ছকে, অধ্যক্ষের প্রত্যয়নপত্রে, মন্তব্যে মিথ্যা তথ্য প্রদান, ফাইলে প্রয়োজনীয় সকল কাগজপত্র সরবরাহ না করার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।জিডিতে আরও উল্লেখ করা হয়, অধ্যক্ষের সার্বিক অসহযোগিতার কারণে গত ৯ মে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার অসীম কুমারের কাছে ওই কলেজের বিভিন্ন বিভাগের মোট ৫১ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এরপরই ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ মিজানুর রহমান এবং তার কিছু অনুসারী ওই শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষকরা গতকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে চাটমোহর থানায় অধ্যক্ষসহ মোট ১২ জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৫১১।
শিক্ষকদের অভিযোগে আরও জানা গেছে, চাটমোহর সরকারি কলেজের নিয়মিত শিক্ষকদের পদ সৃজনের জন্য অধ্যক্ষ মিজানুর রহমান কর্তৃক প্রস্তুতকৃত তথ্য ছক, মন্তব্য এবং প্রত্যয়নপত্র মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেয়া সময়ের শেষে গোপনীয়ভাবে কলেজের সভাপতি ও ইউএনও সরকার অসীম কুমারের কাছে জমা দেন। এতে অধ্যক্ষ মিজানুর রহমান অসত্য তথ্য দিতে পারেন এমন আশঙ্কা থেকে ভুক্তভোগী শিক্ষকরা ইউএনওর কাছে অধ্যক্ষের জমা দেয়া কাগজগুলো দেখতে চেয়ে আবেদন করেন। পরে কাগজগুলো দেখালে অধ্যক্ষ কর্তৃক পূরণকৃত কাগজগুলোতে মিথ্যা তথ্য দিয়ে জমা দেয়ার বিষয়টি নজরে আসে ওই শিক্ষকদের।এরমধ্যে নিয়মিত উপস্থিত শিক্ষককে দীর্ঘদিন অনুপস্থিত দেখানো, বৈধ শিক্ষককে তালিকা থেকে বাদ দেয়া, অনেকের প্রত্যয়ন পত্রে স্বাক্ষর না করা এবং ফাইলপত্রে বেশ কয়েকটি কাগজপত্র সংযোজন না করেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে অধ্যক্ষ মিজানুর রহমান জমা দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষকরা।অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে অধ্যক্ষ মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে আবারও কল দিলে অধ্যক্ষর ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।