
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টিকে উত্তরবঙ্গবাসী নিজেদের মঞ্চ মনে করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার টাউন হল মিলনায়তনে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গবাসীর সুখে-দুখে পাশে আছে। প্রতিষ্ঠার পর ক্ষমতায় থাকার সাড়ে নয় বছরে দেশে অর্থনৈতিক উন্নয়ন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিল। উত্তরের যত উন্নয়ন হয়েছে তা জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রচেষ্টায় হয়েছে। আগামীতেও জাতীয় পার্টি এগিয়ে গেলে উত্তরের উন্নয়ন হবে। প্রভাবশালী কোনো নেতা না থাকায় উত্তরবঙ্গের এই শোচনীয় অবস্থা বলে মন্তব্য করে তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ আজ বঞ্চিত, অবহেলিত। কারণ তাদের রাজনৈতিক মঞ্চ এখন আর শক্তিশালী নয়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, রংপুরের উন্নয়নে জাতীয় পার্টি সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেতা এরশাদের জন্য। রোগমুক্তির মাধ্যমে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াছির ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর উজ জামান জাহাঙ্গীর।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এতে জেলা যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলন, মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রংপুর জাতীয় পার্টির সহ সভাপতি ও সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, পীরগাছা উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শামীম সিদ্দিকী, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হাসানুর নাজিম, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক নুর ইসলাম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফসহ আট উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক গণ।