News71.com
 Bangladesh
 14 May 19, 12:05 PM
 153           
 0
 14 May 19, 12:05 PM

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ দিলেন শ্রম প্রতিমন্ত্রী॥

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ দিলেন শ্রম প্রতিমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর আগেই পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসেস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪১তম সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলে। প্রতিমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সরকার চায় সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে। আর শ্রমজীবী মানুষগুলোর এই ঈদ উদযাপনে মূল ভূমিকা রাখতে হবে মালিকদের। মালিকদের উদ্দেশে তিনি বলেন, ঈদে একসঙ্গে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়বে। এজন্য রাস্তায় যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন। একই সঙ্গে খেয়াল রাখবেন, শতভাগ রফতানিমুখী শিল্পে উৎপাদনে যেন কোনো প্রভাব না পড়ে।


মুন্নুজান বলেন, সারা দেশের শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে ২৯টি কমিটি কাজ করছে। এই কমিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং শ্রম অধিদফতরের কর্মকর্তারা রয়েছেন। তিনি আরও বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে ক্রাইসেস ম্যানেজমেন্ট কোর কমিটি, গার্মেন্টস শিল্পের জন্য পরামর্শ কমিটি, সরকার এবং মালিক-শ্রমিক প্রতিনিধি শিগগিরই আরেকটি সভা করবে। সভায় মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল, ড. রেজাউল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, বিজিএমইএ সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন