
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে চলছিল তীব্র দাবদাহ। প্রচন্ড গরমে অতিষ্ঠ নাগরিক জীবন। মানুষ গরমের তীব্রতা থেকে বাঁচতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক পশলা বৃষ্টির।গতকাল রাতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কমেছিল বেশ কিছুটা।রাজধানীর জনজীবনে ফিরেছিল স্বস্তি। গতকাল সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা দেখা দিলেও রাত ১১টায় রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি শুরু হয়। এসময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঠাণ্ডা বাতাস বয়ে যায়। টানা গরমের পর তাদের মানুষের শরীরে হিমেল পরশ বুলিয়ে দেয়। তবে আজ সকাল থেকে আবারও পাল্টে গেছে আবহাওয়ার চরিত্র । সকাল থেকেই শুরু হয়েছে ভ্যাপসা গরম। গতকালের বৃষ্টির পর বাতাসে আদ্রতার মাত্রা বেশী থাকায় এই গরম হয়ে উঠেছে অসহনীয়।
আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ি গতকাল সোমবার ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে । দেশের বিভিন্ন জায়গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ কমে আসছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১৫ মে) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আবারো তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর এখন গ্রীষ্মকাল হওয়ায় দেশে গরম বিরাজমান থাকবে।গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।