News71.com
 Bangladesh
 13 May 19, 01:15 PM
 844           
 0
 13 May 19, 01:15 PM

মোবাইল-কম্পিউটারের কূ-প্রভাব॥ বাড়ছে শিশুদের ক্ষীণদৃষ্টি সমস্যা

মোবাইল-কম্পিউটারের কূ-প্রভাব॥ বাড়ছে শিশুদের ক্ষীণদৃষ্টি সমস্যা

নিউজ ডেস্কঃ টিভির সঙ্গে যুক্ত হয়েছে কম্পিউটার, ট্যাব ও মোবাইল ফোন। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, টেলিভিশনে আসক্তি শিশুর দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে বলে জানিয়েছেন চোখের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা। তারা শিশুদের চোখে সমস্যার তিনটি কারণের কথা বলেছেন। এর মধ্যে কোনো কোনো শিশু চোখে সমস্যা নিয়েই জন্মায়। ভিটামিন ‘এ’র অভাবজনিত কারণে শিশু রাতকানা রোগে ভুগতে পারে, এমনকি অন্ধও হয়ে যেতে পারে। আর তৃতীয়ত, স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার কারণে শিশুরা চশমা ছাড়া দূরের জিনিস দেখতে পায় না। সারা দেশে ঠিক কত শিশু এমন সমস্যায় ভুগছে এ নিয়ে জাতীয় পর্যায়ে কোনো গবেষণা নেই।

জানা গেছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে মাসে গড়ে প্রায় সাড়ে তিন হাজার শিশু আসে। এদের ৭০ শতাংশ দূরের জিনিস ভালো দেখতে পায় না। বেসরকারি হাসপাতাল বাংলাদেশ আই হসপিটালের তথ্যও একই। এই হাসপাতালেও চিকিৎসা নিতে আসা ৭০ শতাংশ শিশু একই রোগে ভুগছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডাক্তারি ভাষায় রোগটিকে বলা হয় মাইয়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সমস্যা। আরও সুনির্দিষ্টভাবে এই রোগকে বলা হচ্ছে ‘কম্পিউটার ভিশন সিনড্রম’। সম্প্রতি জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রকাশ করা এক তথ্যে জানা গেছে, প্রতিদিন এক লাখ ৭৫ হাজার শিশু নতুনভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেট জগতে প্রবেশ করছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিশু যেমন প্রথমবারের মতো ইন্টারনেট জগতে আসছে, একই সঙ্গে ইন্টারনেট ব্যবহার তাদের জন্য নানা ঝুঁকি তৈরি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন