
নিউজ ডেস্কঃ বরগুনায় একটি শিশু চুরি হওয়ার ১১ ঘণ্টা পর ফিরে পায় তার মায়ের কোলে । গতকাল রোববার রাত ১১টার দিকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি কাল সকাল ১০টার দিকে চুরি হয় । বরগুনা থেকে চুরি হওয়া আবদুল্লাহ নামে তিন মাসের এক শিশু চুরির ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারীকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু আবদুল্লাহ বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের বাসিন্দা নাসির সিকদারের ছেলে।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, থানায় অভিযোগের পর আমরা খবর পেয়েছি পটুয়াখালী থানার কাঁঠালিয়া এলাকায় এক নারীকে বাচ্চাসহ আটকে রেখেছে এলাকাবাসী। সেখানে গিয়ে অভিযোগকারীর ঘটনা সত্যতা পেয়ে বাচ্চাসহ ওই নারীকে বরগুনা থানায় নিয়ে আসি। এসময় তার কাছ থেকে দুই লাখ ৬২ হাজার টাকা জব্দ করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, আটক নারী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হবে।