News71.com
 Bangladesh
 12 May 19, 01:42 PM
 196           
 0
 12 May 19, 01:42 PM

জেলেদের বীমার আওতায় আনার সুপারিশ করল সংসদীয় স্থায়ী কমিটি॥

জেলেদের বীমার আওতায় আনার সুপারিশ করল সংসদীয় স্থায়ী কমিটি॥

নিউজ ডেস্কঃ জেলেদের বীমা সহায়তার আওতায় আনার উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে জেলেদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকে নিখোঁজ হন, মারা যান, ক্ষতিগ্রস্ত হন এবং অনেককে জলদস্যুরা ধরে নিয়ে যাওয়ার ফলে এই জেলে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েন। এ পরিপ্রেক্ষিতে জেলেদের বীমা সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয় বলে বৈঠক শেষে জানানো হয়।

কমিটি সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মো. শহিদুল ইসলাম বকুল, মোছাঃ শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বেঠকে অংশগ্রহণ করেন। কমিটি মা-ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য সরকার গৃহীত কার্যক্রম কঠোরভাবে পরিচালনার সুপারিশ করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন