News71.com
 Bangladesh
 12 May 19, 12:11 PM
 116           
 0
 12 May 19, 12:11 PM

মহামারি আঁকার ধারন করছে মানসিক রোগ॥ বাড়ছে জঘন্য অপরাধ প্রবনতা

মহামারি আঁকার ধারন করছে মানসিক রোগ॥ বাড়ছে জঘন্য অপরাধ প্রবনতা

 

নিউজ ডেস্কঃ দেশে ভয়াবহ আকার ধারণ করেছে মানসিক রোগ। বর্তমানে প্রতি ১০০ জনের ৩৪ জনই মানসিক ব্যাধিতে আক্রান্ত। সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমান্বয়ে এ হার বেড়েই চলেছে। বর্তমানে এই রোগের প্রাদুর্ভাব এতটাই ছডিয়েছে যে একে মহামারির সাথেও তুলনা করছেন অনেকে। এই রোগে আক্রান্তদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। এই রোগে ভূগে বিষণ্নতা ও অবসাদের কারনে মানসিক রোগীদের অনেকে একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। জড়িয়ে পড়ছেন মাদক, ধর্ষণ, জঙ্গিবাদসহ নানা অপরাধে। বেকারত্ব, পরিবার ও কর্মস্থলে অবহেলা, পারিবারিক অশান্তি, যৌথ পরিবার ভেঙে সম্পর্কের বন্ধন আলগা হওয়া, মাদকের আগ্রাসন, জীবনযাপনে প্রযুক্তির অতি নির্ভরতাকে মানসিক রোগের অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিন-২০১৮ এর পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৬ দশমিক ১ ভাগ মানসিক রোগে ভুগছেন। আর ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোরদের মধ্যে ১৮ দশমিক ৪ ভাগই মানসিক রোগে আক্রান্ত। অন্যদিকে ২০০৯ সালে হওয়া সর্বশেষ জাতীয় সমীক্ষার ফলাফল অনুযায়ী প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন কোন না কোন মানসিক সমস্যায় আক্রান্ত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা এখন কয়েক গুণ বেড়েছে। আর পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক লাখ মানুষে ৬ জন আত্মহত্যা করছে মানসিক সমস্যার কারণে। মানসিক রোগের কারণে এখন সন্তানের হাতে বাবা-মা আর বাবা-মায়ের হাতে সন্তান খুনের ঘটনা অহরহ ঘটছে। খুন, ধর্ষণের ঘটনা বাড়ছে। অবসাদে ভোগা এসব রোগী মাদকাসক্ত হয়ে পড়ছেন। জঙ্গিগোষ্ঠীগুলো অবসাদগ্রস্ত এসব তরুণকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সহজেই জঙ্গিবাদে লিপ্ত করছে।

১৮ থেকে ১৯ বছরের মধ্যেই একজন মানুষের মানসিক বৈশিষ্ট্য তৈরি হয়। জীবন দক্ষতা, চাপ নেওয়ার ক্ষমতা, শিশুটি বড় হয়ে কতটা সমস্যা মোকাবিলা করে সামনে যেতে পারবে সেই সক্ষমতা তৈরি হয় এই বয়সেই। তাই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এ সময় মাদক, পর্নোগ্রাফি, জঙ্গিবাদসহ নানা অপরাধ তাদের হাতছানি দেয়। আগে যৌথ পরিবারে শিশুরা অনেক মানুষের সঙ্গে হেসে-খেলে, গল্প করে বড় হতো। বড়দের থেকে ভালো-মন্দ বুঝতে শিখত। মানুষের সঙ্গে মেশার ক্ষমতা তৈরি হতো। সামাজিকতা শিখত। এখন একক পরিবারের আধিক্যের কারণে শিশুদের মেশার জায়গা কমে গেছে। বরং ঝুঁকিপূর্ণ বয়সটা মাত্রাতিরিক্ত মোবাইল, ল্যাপটপ, গেম, ফেসবুকের সঙ্গে সময় পার করছে আমাদের তরুন প্রজন্ম । ফলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে। এই বিচ্ছিন্নতা তাদের মধ্যে মানসিক অবসাদ তৈরি করছে। ভার্চুয়াল জীবন তাদের মধ্যে এমন এক কল্পনার জগৎ তৈরি করছে, যা বাস্তব জীবনের সঙ্গে মিল নেই। ওই শিশুটি বড় হয়ে বাস্তব জীবনের সঙ্গে তাল মেলাতে পারছে না, ফলে অবসাদে ভুগছে। এটা শুধু ওই শিশু-কিশোরের জীবনেই নেতিবাচক প্রভাব ফেলছে না, সমাজের উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন