
নিউজ ডেস্কঃ এই তীব্র গরমে রমজানে রাজধানীতে চার পাঁচ দিনের পুরানো সিরায় তৈরি হচ্ছে নানা রকমের মিষ্টি। আর ঈদ সামনে রেখে নোংরা চুল্লিতে ভাজা নিম্নমানের সেমাই ঢুকছে নামীদামী বিভিন্ন কোম্পানির মোড়কে। গতকাল শনিবার (১১ মে) রাজধানীর কামরাঙ্গিরচরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গিয়ে এমনই চিত্র দেখা যায়। এ বিষয়ে একটি সংস্থা বলছে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্য খেলে ক্যান্সারসহ নানা রোগ হতে পারে। চার পাঁচ দিনের পুরানো সিরায় ভাসছে মাছিসহ অসংখ্য মরা পোকামাকড়। আর তার মধ্যেই ভিজিয়ে রাখা হয়েছে হরেক রকমের মিষ্টি। শনিবার রাজধানীর কামরাঙ্গিরচরে খোলামোড়া মোড়ের একটি মিষ্টির দোকানে গিয়ে এমনই অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাইরে ফিটফাট থাকলেও সেখানকার বেশিরভাগ মিষ্টির দোকানের চিত্রই এমন নোংরা।ভোক্তা অধিদপ্তর জানায়, এসব মিষ্টি খেলে ক্যানসারসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হতে পারেন যে কেউ। হাবিবা ফুড নামে একটি সেমাইয়ের কারখানায় গিয়ে দেখা যায় আরো অস্বাস্থ্যকর পরিবেশ। ময়লা কাপড় পরে কোন ধরনের গ্লোভস ছাড়াই খালি পায়ে খোলা মেঝেতে সেমাই তৈরি করছে কর্মচারীরা। গায়ের ঘাম সহজেই মিশে যাচ্ছে সেমাইয়ের সঙ্গে।
সবথেকে ভয়ংকর বিষয় হলো, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সেমাই আবার নিজেদের নামে প্যাকেট করে বাজারজাত করছে ডেকো, একমি ও বোম্বে ফুডসের মতো নামীদামী বিভিন্ন কোম্পানি। একই অবস্থা দেখা যায়, কামরাঙ্গিরচরের প্রায় সবগুলো সেমাইয়ের কারখানাতেই।অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই নিজেদের ব্রান্ডের নামে বিক্রির দায়ে নামকরা কোম্পানিগুলোকেও জরিমানার আওতায় আনা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।