
নিউজ ডেস্কঃ বর্তমান সময়ে সৌহার্দপূর্ণ রাজনীতি চর্চার দেখা মেলে অনেক কম। সেখানে একমঞ্চে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের বসার ঘটনা খুবই বিরল। তবে গতকাল শনিবার এমন ঘটনাই দেখা গেলো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে। পঞ্চগড় জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে একমঞ্চে দেখা যায়, বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি), বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে। এছাড়াও ইফতারে পঞ্চগড় দুই আসনে নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ এবং জেলার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা সমিতির সদস্য সচিব কৃষিবিদ আব্দুর রহমান।