News71.com
 Bangladesh
 11 May 19, 07:28 AM
 130           
 0
 11 May 19, 07:28 AM

রেলে পুরোনো বগি সংস্কার করে ব্যবহার ॥ বাংলাদেশ রেলওয়ের সাশ্রয় প্রায় ৫০ কোটি টাকা

রেলে পুরোনো বগি সংস্কার করে ব্যবহার ॥ বাংলাদেশ রেলওয়ের সাশ্রয় প্রায় ৫০ কোটি টাকা

নিউজ ডেস্কঃ ১০ থেকে ১৫ বছর আগে স্ক্র্যাপ হয়ে যাওয়া রেলের বগি মেরামত করে আবারও চলাচলের উপযোগী করে তুলছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। গত ছয় মাসে এ ধরণের অন্তত ১৭টি বগি পরিপূর্ণ মেরামত শেষে রেলের বহরে যুক্ত করা হয়েছে। নতুন করে মেরামতের অপেক্ষায় রয়েছে নষ্ট হয়ে যাওয়া আরও ২২টি বগি। এতে সাশ্রয় হয়েছে ৫০ কোটি টাকার বেশি।স্বাধীনতার আগে থেকে রেল চলাচলের ক্ষেত্রে বিশেষ সুনাম ছিলো ইরানি তৈরি বগির। কিন্তু অতিরিক্ত ব্যবহারের পাশাপাশি নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১০ থেকে ১৫ বছর আগেই এধরণের অন্তত ৩৯টি বগি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইয়ার্ডেই পড়ে থাকায় অনেকটা স্ক্র্যাপ হয়ে গিয়েছিল এসব বগি। তবে মারাত্মক বগি সংকটের মুখে অচল এসব বগিকে সচল করার প্রক্রিয়া শুরু করে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ।রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মেরামতের শতভাগ কাজই আমরা করছি। এই বগি পরবর্তীতে ‘সোনার বাংলা’, ‘তূর্ণা’ ও ‘গোধূলী’-এর মতো ট্রেনে যুক্ত করা হবে।

ইতোমধ্যে ১১টি বগি মেরামত শেষে বিভিন্ন লোকাল ট্রেনে সংযোজন করা হয়েছে। আরো চারটি বগি একেবারে নতুনের মতো করে মেরামত শেষে সংযোজন করা হয়েছে অভিজাত ট্রেন সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসে।রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপের শিফট ইনচার্জ শংকর সাহা বলেন, একেবারেই নষ্ট হয়ে যাওয়া বগি যখন ঠিক করা হয় তখন তা আরও ২০ বছর চালানোর উপযোগী হয়।রেলওয়ে কর্মকর্তারা জানান, একেকটি বগি বিদেশ থেকে কিনে আনতে খরচ হয় ৪ থেকে ৫ কোটি টাকা। কিন্তু মাত্র ৭০ থেকে ৭৫ লাখ টাকা খরচ করে অচল হয়ে যাওয়া বগিগুলোকে পুরোদমে সচল করে রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে। পাহাড়তলী ওয়ার্কশপের বিভাগীয় তত্ত্বাবধায়ক এফ এম মহিউদ্দিন বলেন, এরইমধ্যে যে গাড়িগুলো ঠিক করা হয়েছে তার গড় খরচ ৭৫ লাখ টাকা। আমরা ১৭টি গাড়ি ঠিক করেছি, আগামী অর্থবছরের মধ্যে আমরা আরও ১০ থেকে ১২টি গাড়ি ঠিক করে ফেলব। নতুন একটি বগির কার্যকাল মেয়াদ থাকে ৩০ থেকে ৩৫ বছর। তবে মেরামত হওয়া এসব বগি বড় কোনো সংস্কার ছাড়াই ১০ থেকে ১৫ বছর ভালভাবেই চলাচল করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন