
নিউজ ডেস্কঃ আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।আজ শনিবার সকালে তিনি নিউজ৭১ ডটকম কে জানান, সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে। এতে কমে যাবে তাপমাত্রা। এ সময় উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুইএক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।