
নিউজ ডেস্কঃ আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় গতকাল শুক্রবার রাতে ‘নেশাগ্রস্ত’ যুবকের দায়ের কোপে এক নারী নিহত হয়েছেন। নিহত সন্ধ্যা রানী (৬০) উত্তর কাট্টলী বড় কালী বাড়ি এলাকার ধীরেন্দ্র চন্দ্রের স্ত্রী । সত্যজিত নামে ওই যুবকের এলোপাতাড়ি কোপের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নেশাগ্রস্থ যুবকটি দা নিয়ে এলাকার লোকজনকে কোন কারণ ছাড়াই এলোপাতাড়ি কোপাতে থাকে। তার কোপে সন্ধ্যা রানী সহ পাঁচজন গুরুতর আহত হন।
আহত অন্যরা হলেন- শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রদীপ তালুকদার (৪০)। তাদের সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে সন্ধ্যা রানী মারা যান।ওসি আরও জানান, এ ঘটনার পর নেশাগ্রস্থ যুবককে এলাকার লোকজন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এলাকাবাসী জানায়, সত্যজিতের এলাকায় একটি ঔষধের ফার্মেসি রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা আসক্ত। নেশার ঘোরে সে এ হামলা চালিয়েছে।