
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, মিডিয়া প্রচারণা এবং অন্যান্য ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে স্যোশাল মিডিয়া ব্যবহার করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এ অনুষ্ঠান আয়োজন করে। প্রদর্শনীতে বিএনপি চেয়ারপারসনের তিন যুগের বিভিন্ন সময়ের ছবি স্থান পেয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তার নির্দেশ হচ্ছে আমাদের জন্য নির্দেশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। আমরা সবাই তার নির্দেশে, তার কথায় একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সঠিক রাজনীতির দিকে এগিয়ে যাব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। লক্ষ্যে অবিচল থাকুন, গণতন্ত্রের জয় হবেই। সামনের দিকে এগিয়ে যেতে খালেদা জিয়াই আমাদের অনুপ্রেরণা। তার ত্যাগ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। সময়ের সঙ্গে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।