
নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরের চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সপ্তাহ শেষে তিনি দেশে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা ঘনিষ্ঠজনরা।আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদের থাকবেন এমন আভাস দিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। সিঙ্গাপুরে টানা দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ওবায়দুল কাদের। এখন তিনি নিয়মিত হাঁটাচলা করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শরীরের যত্ন নিচ্ছেন।
এদিকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট নিরসনে এই দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুদুটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ওবায়দুল কাদের নিজে ঐ এলাকারই মানুষ। ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা তথা জন্মভিটায় যেতে তাকে নিয়মিত এই সেতুর উপর দিয়েই চলাচল করতে হয়। তাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দূর্ভোগখ্যাত মেঘনা ও গোমতী নদীর উপর এক জোড়া নতুন সেতু ছিল মানুষের প্রানের দাবী। ওবায়দুল কাদের দেশে থাকা অবস্থায় বহুবার সরেজমিনে সেতু নির্মাণ কাজের অগ্রগতি দেখতে চলে যেতেন। তাই মাসখানেক আগে ওবায়দুল কাদেরের অনুপস্থিতিতেই দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করা হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরে আসলে তাকে নিয়েই সেতু দেখতে যাবেন।
তাই ওবায়দুল কাদের দেশে ফিরে আসলে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু সেখানে গিয়েই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয় সূত্র এমনটা জানিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে।সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের, এপিএস মহিদুল হক, সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইয়াজ, ব্যক্তিগত কর্মকর্তা সুখেন চাকমা, ব্যক্তিগত ফটোগ্রাফার মনসুরুল আলম সহ ঘনিষ্ঠ কয়েকজন।
বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কাছেই একটি ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি। এখান থেকেই নিয়মিত তার চিকিৎসক ডা. ফিলিপ কোহের চেম্বারে চেকআপের জন্য যাতায়াত করছেন।গত ২ মার্চ ভোররাতে ঢাকায় নিজ বাড়িতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করা হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং পরানো) মাধ্যমে দ্রুত অপসারণ করেন চিকিৎসকরা। ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে টানা আড়াই মাস শেষে সুস্থ হয়েই দেশে ফিরবেন ওবায়দুল কাদের।