News71.com
 Bangladesh
 10 May 19, 06:25 AM
 138           
 0
 10 May 19, 06:25 AM

নুসরাত হত্যায় দায়িত্ব অবহেলার জেরে সোনাগাজীর ওসি মোয়াজ্জেম বরখাস্ত॥

নুসরাত হত্যায় দায়িত্ব অবহেলার জেরে সোনাগাজীর ওসি মোয়াজ্জেম বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনীর সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, পুলিশ সদর দফতরের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ধরে অভিযুক্ত সকলের বিরুদ্ধেই ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর ৬ এপ্রিল ওই মাদরাসার ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা রাফির শরীরে আগুন দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাফি মারা যায়।ওই ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ১৩ এপ্রিল ডিআইজি এসএম রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ২ মে প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দেয়। ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার এবং সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল ও এসআই ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে তদন্ত কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন