
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা দখলে রাখার অভিযোগে হাইকোর্ট বিভাগের কোর্ট কিপার শাখার এক প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রীকে সাজা দিয়েছেন আদালত।মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুককে দুদক আইনে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং সাড়ে ৭০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। স্বামীর অর্জিত সম্পদ বেনামে দখলে রেখে স্বামীকে অপরাধে সহযোগিতা করার অপরাধে ফারুকের স্ত্রী সৈয়দা মমতাজকে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে দু'জনের অর্থদণ্ডের টাকা রাষ্ট্রের অনুকূলে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।এ মামলার অভিযোগ থেকে জানা যায়, ফারুকের বিরুদ্ধে ৭০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আরো এতে তাকে সহায়তা করার অভিযোগে মমতাজের বিরুদ্ধে রমনা থানায় ২০১২ সালের ১৪ জুন দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার মামলাটি করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।