
নিউজ ডেস্কঃ সন্তানদের লেখাপড়ার পেছনে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি ব্যয় করতে হয় বাংলাদেশের অভিভাবকদের। যুক্তরাষ্ট্রে শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ বেশি এবং ওই দেশের নাগরিকদের গড় আয়ও অনেক বেশি। ফলে অভিভাবকদের তুলনামূলক কম ব্যয় করতে হয়। অন্যদিকে বাংলাদেশে শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ কম এবং নাগরিকদের গড় আয়ও অপেক্ষাকৃত কম। তার ওপর এ দেশে লেখাপড়া অনেকাংশেই কোচিং ও প্রাইভেট-নির্ভর। ফলে বেশি ব্যয় করতে হয় অভিভাবকদেরই। ফ্রান্সে একটি পরিবারকে সন্তানের শিক্ষার পেছনে মাত্র ১৬ হাজার ডলার পরিশোধ করতে হয়, বাকিটা দেয় রাষ্ট্র। যুক্তরাজ্যে নার্সারি থেকে ‘এ’ লেভেল পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ বিনা মূল্যে। ভারতের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও খরচ বাংলাদেশের চেয়ে কম।গত বছরের সেপ্টেম্বরে বিসিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে ২০১৮ শিক্ষাবছরে অভিভাবকদের মোট খরচের পরিমাণ দাঁড়াবে দুই হাজার ৭৫০ কোটি ডলার। আর সে দেশে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ হয় কম্পিউটারের পেছনে। প্রত্যেক পরিবার একজন শিক্ষার্থীর পেছনে ওই খাতে মাসে ব্যয় করে ২৯৯ ডলার। এ ছাড়া স্কুলের পোশাকসহ অন্যান্য খাতে খরচ হয় ২৮৬ ডলার। ট্যাবলেট ও ক্যালকুলেটরের মতো ইলেকট্রনিক সরঞ্জাম কিনতে লাগে ২৭১ ডলার। সবচেয়ে কম অর্থ খরচ হয় ফাইল, ফোল্ডার, বই, হাইলাইটারসহ অন্য সামগ্রী কিনতে। এসবের পেছনে খরচ হয় ১১২ ডলার।
সেই হিসাবে যুক্তরাষ্ট্রে মাসে একজন শিক্ষার্থীর পেছনে অভিভাবকের ব্যয় হয় ৯৬৮ ডলার। আর যুক্তরাষ্ট্রের প্রতি নাগরিকের বছরে গড় আয় ৬০ হাজার ২০০ ডলার অর্থাৎ মাসে পাঁচ হাজার ১৬ ডলার। সেই হিসাবে এক সন্তানের পেছনে অভিভাবকের ব্যয় তার আয়ের ৫.১৮ শতাংশ।অপরদিকে অন্য এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রতি শিক্ষার্থীর পেছনে অভিভাবকের ব্যয় হয় সাত হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ গড় ব্যয় ১১ হাজার টাকা (প্রায় ১২৭ ডলার)। প্রত্যেক বাংলাদেশির বছরে গড় আয় এক হাজার ৯০০ ডলার অর্থাৎ মাসে ১৫৮ ডলার। সেই হিসাবে প্রত্যেক অভিভাবক তাঁর একেক সন্তানের শিক্ষার পেছনে ব্যয় করেন আয়ের প্রায় ৮০ শতাংশ। যুক্তরাষ্ট্রের তুলনায় এই ব্যয় ১৫ গুণেরও বেশি।অনুসন্ধানে জানা যায়, এ দেশে শিক্ষা খাতে যথেষ্ট ব্যয় করলেও সমস্যায় পড়তে হয় না উচ্চবিত্ত অভিভাবকদের। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অভিভাবকরা। তাঁদের আয়ের বড় অংশই চলে যায় সন্তানের লেখাপড়ায়। এতে সংসারের অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হয়। নিম্নবিত্ত পরিবারের আয় দেশের নাগরিকদের গড় আয়ের চেয়েও কম। ফলে তারা সন্তানদের পড়াশোনা অনেকটা রাষ্ট্রের হাতেই ছেড়ে দিয়েছে।