News71.com
 Bangladesh
 09 May 19, 04:42 AM
 335           
 0
 09 May 19, 04:42 AM

গ্রামীণ,রবি ও বাংলালিংককে পাঁচ কোটি টাকা করে জরিমানা॥

গ্রামীণ,রবি ও বাংলালিংককে পাঁচ কোটি টাকা করে জরিমানা॥

নিউজ ডেস্কঃ মন্ত্রীর নম্বরসহ অনেকের নম্বর অন্যের কাছে বিক্রি করে দেওয়া এবং বায়োমেট্রিক্স ভেরিফিকেশনের মাধ্যমে সিম নিবন্ধনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংককে পাঁচ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জরিমানা করার সিদ্ধান্ত গত ৪ মার্চ অনুষ্ঠিত সংস্থাটির ২২৪তম সভায়ই হয়েছিল। তবে জরিমানার পরিমাণ নির্ধারণ করতে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করায় গত ৩০ এপ্রিল বিটিআরসির ২২৬তম সভায় এই জরিমানার পরিমাণ চূড়ান্ত করা হয়। একই সঙ্গে এ সভায় এক গ্রাহকের নম্বর নিয়মবহির্ভূতভাবে অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার অপরাধে গ্রামীণফোনকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।অভিযুক্ত মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোন ও বাংলালিংক জানায়, গতকাল বুধবার পর্যন্ত তারা এ সম্পর্কে বিটিআরসির কাছ থেকে কোনো চিঠি বা দাবিনামা পায়নি।

মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে উদ্বেগজনক এসব অভিযোগ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলেছে, সরকারের নির্দেশনা লঙ্ঘন করে অপারেটরগুলো এমন কিছু করছে, যা রাষ্ট্র ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অপারেটরদের কর্মকাণ্ডে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলামও এর ভুক্তভোগী। তাঁদের ‘প্রিমিয়াম’ মোবাইল ফোন নম্বর অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন