News71.com
 Bangladesh
 08 May 19, 03:53 PM
 978           
 0
 08 May 19, 03:53 PM

আবারও দূর্ঘটনার ড্যাশ-৮॥ মিয়ানমারের রানওয়েতে ছিটকে পড়ল বিমানের বিজি ০৬০ ফ্লাইট

আবারও দূর্ঘটনার ড্যাশ-৮॥ মিয়ানমারের রানওয়েতে ছিটকে পড়ল বিমানের বিজি ০৬০ ফ্লাইট

নিউজ ডেস্কঃ আবারও দূর্ঘটনার স্বীকার হল বাংলাদেশের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ।তবে এবার বেসরকারি নয়। এবার ভাঙল বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৬০ ফ্লাইটটি। মিয়ানমারের ইয়াংগন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা না গেলেও আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী জানিয়েছেন। তারমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক নিউজ৭১ ডটকমকে বলেন, ৩৩ জন আরোহী নিয়ে ঢাকা থেকে ইয়াংগন যাচ্ছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বৈরি আবহাওয়ার মধ্যে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ইয়াংগন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

আহতদের মধ্যে ওই বিমানের পাইলট শামীম নজরুল ও ফার্স্ট অফিসার কবিরুলও রয়েছেন বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) শাকিল মেরাজ জানান, ফ্লাইট বিজি ০৬০ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়েছিল বিকাল ৩টা ৪৫ মিনিটে। বিমানে একটি শিশুসহ মোট ২৯ জন যাত্রী এবং দুই পাইলটসহ মোট চারজন ক্রু ছিলেন। মিয়ানমারে বিমানের ম্যানেজার মীর আক্তারুজ্জামান বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় আবহাওয়া ছিল খুবই খারাপ, ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। আরোহীদের মধ্যে সবাই কমবেশি ব্যথা পেয়েছেন। রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, যাত্রীদের মধ্যে দশজনকে বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে নেওয়া হয়েছে বিমানবন্দরের কাছে নর্থ ওকালাপা হাসপাতালে।সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে কানাডার কোম্পানি বোম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮ উড়োজাহাজটিকে রানওয়ের পাশে ঘাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরো হয়ে গেছে, তলাও ফেটে গেছে। তবে দুর্ঘটনার পর ওই বিমানে আগুন ধরেনি।এদিকে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেখানে সব ধরনের বিমান উঠানামাসহ ফ্লাইট অপারেশান বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন