
নিউজ ডেস্কঃ দুই সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপিকে আল্টিমেটাম দিয়েছে ২০ দলীয় জোটের শরিক কয়েকটি দল। দাবি না মানলে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। শীর্ষ নেতাদের দাবি, ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপি'র অতি আগ্রহের কারণে ২০ দলীয় জোটে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আলাপ-আলোচনার মাধ্যমে জোটের ঐক্য ধরে রাখতে চায় বিএনপি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেলো বছর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই হয় ঐক্যফ্রন্টের বৈঠকে। নির্বাচনে প্রার্থী মনোনয়নেও বেশি প্রাধান্য পায় ঐক্যফ্রন্টের শরীক দলগুলো। এ নিয়ে তখন থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছিল ২০ দলীয় জোটে।
নির্বাচনের প্রায় ৪ মাস পর বিজেপি প্রেসিডেন্ট আন্দালিব রহমান পার্থের জোট ছাড়ার ঘোষণার মাধ্যমে সোমবার ঘটে ক্ষোভের বিস্ফোরণ। ঐক্যফ্রন্ট নিয়ে অতি-আগ্রহ ও শেষ মুহূর্তে শপথ নিয়ে সংসদে যোগদান নিয়ে প্রশ্ন তুলে জোট ছাড়েন তিনি। একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জোটের অন্য দলগুলোর মধ্যেও। ঐক্যফ্রন্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে কিনা উঠে আসে এমন প্রশ্নও।কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পর থেকে আসলে ঐক্যফ্রন্টকে প্রান্তিকরণ করে ফেলা হয়েছে। প্রধান কোনো সিদ্ধান্তে আমরা উপস্থিত থাকতে পারিনি। এখন পেছনের দিকে তাকিয়ে আমাদের প্রশ্ন, ঐক্যফ্রন্ট কি এসেছিল নির্বাচনে জয়ী হতে? নাকি এসেছিল বিএনপিকে নির্বাচন পর্যন্ত টিকাতে। ঐক্যফ্রন্ট ছাড়তে বিএনপিকে ২৩ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে লেবার পার্টিসহ অন্তত ৫টি দল।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের নামে বাংলাদেশি জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নিশ্চিহ্ন করে দেয়ার যে পরিকল্পনা নিয়েছে সেখান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। ২৩ তারিখের মধ্যে এ বিষয়টা খোলসা করতে হবে।কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, কেউ না কেউ তো মনে করতেই পারে যে পার্থ যখন চলে গেছে আমিও চলে যাই। এ অবস্থায় আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায় বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০টি দল যখন একসাথে থাকে, সেখানে তো এক এক দলের এক এক ধরনের মতামত থাকবে এটাই স্বাভাবিক। তাদের সাথে আলাপ-আলোচনার মধ্যেই আমরা ২০ দলের ঐক্যকে অটুট রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।আন্দালিভ রহমান পার্থকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলেও জানালেন বিএনপি নেতারা।