
নিউজ ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে সফরকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা নিজ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শেখ হাসিনা, যা গণমাধ্যমে প্রকাশিত ও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীর মুক্তি নিয়ে তিনি শেখ হাসিনা যা বলেছেন, তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। খালেদা জিয়ার মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তা হলে সেটি শুধু উদ্বেগজনকই নয়; বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য এক অশুভ ইঙ্গিতবাহী।