
নিউজ ডেস্কঃ মালিকদের ইচ্ছায় কোনো গণমাধ্যমকর্মীর ছাঁটাই মেনে নেয়া হবে না। যাদের চাকরিচ্যুত করা হয়েছে, অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। শিগগিরই নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানান বিএফইউজে ও ডিইউজের নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে ঈদ-উল-ফিতরের আগেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিও জানান তারা। বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, গণমাধ্যমকর্মীদের কেউ ভালো নেই। মাঠে কাজে আছেন, অফিসে গিয়ে জানতে পারেন তার চাকরি নেই। আমরা এমন নৈরাজ্যের পরিস্থিতি চাই না। সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রেজা বলেন, সাংবাদিকরা বিক্রয়কর্মী নয়, গণমাধ্যমে লাভ-লোকসানের হিসাব করে তাদেরকে কেনো ছাঁটাই করা হবে? মালিকপক্ষ এখানে একধরনের দুরভিসন্ধি করছে। তারা চায় না দেশে গণমাধ্যম বিকশিত হোক। এটা একধরনের রাষ্ট্রবিরোধী আচরণ।
বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ বলেন, সাংবাদিকদের অধিকার সবসময় মাঠে থাকতে চাই। আমরা রাজপথে এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরবো না। গণমাধ্যমে বিশ্বাসঘাতক মোশতাকের আগমন ঘটেছে। এই ঘাতকদের চিহ্নিত করে গণমাধ্যম থেকে বিতাড়িত করতে হবে। ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য বলেন, আমরা সাংবাদিকতা করতে চাই। এজন্য কর্মপরিবেশ চাই, নিয়মিত বেতন-ভাতা চাই। ডিইউজের যুগ্ম সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সাবিনা ইসলামসহ অন্যরা।