
নিউজ ডেস্কঃ জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশি রক্ষীদের কার্যক্রম পরিদর্শনে কঙ্গো গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশের পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত মহা-পরিদর্শক (এডিশনাল আইজি) রওশন আরা বেগম। নিউইয়র্ক সময় গতকাল রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৩টা শান্তি রক্ষীদের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার সময় বড় একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রওশন আরা বেগমকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। কঙ্গো মিশনের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস নূরএলাহি মিনা। মিনা জানান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(হাইওয়ে) মোহাম্মদ আতিকুল ইসলামও একই গাড়িতে ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। নিহত রওশন আরার লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রস্তুতি চলছে বলেও মিনা উল্লেখ করেন। উল্লেখ্য, এই দুই পুলিশ অফিসার গত ৩ মে কঙ্গো মিশন পরিদর্শনে এসেছিলেন।