
নিউজ ডেস্কঃ দেশের অন্যতম মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের কাছে সরকারের পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা রাজস্ব দিচ্ছে না। এছাড়া টেলিটক, রবি ও সিটেসেল- এই তিন মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা প্রায় ৩ হাজার কোটি টাকা। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। তারা বৈঠকে উপস্থিত মন্ত্রীকে অতি দ্রুত এসব বকেয়া আদায়ে পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন।কমিটির সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মোঃ নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক বৈঠকে অংশ নেন।এছাড়া বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে যোগদান করেন। ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এবং বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।