News71.com
 Bangladesh
 03 May 19, 02:45 PM
 137           
 0
 03 May 19, 02:45 PM

ঘূর্নিঝড় ফণী নিয়ে আতঙ্কিত ও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই॥ মাহবুবউল আলম হানিফ

ঘূর্নিঝড় ফণী নিয়ে আতঙ্কিত ও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই॥ মাহবুবউল আলম হানিফ


নিউজ ডেস্কঃ স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসা ফণীর বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় ফণী নিয়ে কোনো ধরনের আতঙ্কিত ও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বাংলাদেশের উপকূলে যখন আঘাত হানবে তখন বাতাসের গতি অনেকটাই কমে যাবে। এছাড়া সরকার ফণী মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঘূর্ণিঝড় ফণীর দুর্যোগ মোকাবেলায় দলীয় পদক্ষেপ ও করণীয় নির্ধারণে এই সভা করে দলটি।


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘শেখ হাসিনার সরকার এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সকল রকম সহায়তা করার মতো আমাদের প্রস্তুতি আছে। ফলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু একটাই অনুরোধ থাকবে, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সঙ্গে সবাই নিরাপদ আশ্রয়ে সরে যাবেন।’ 'ফণীর দুর্যোগ মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতি নেই' বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আমরা তো সরকারি এবং দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা বললাম, এই প্রস্তুতিগুলো কি বিএনপির পক্ষ থেকে নিয়েছে? বিএনপির নেতারা এই ধরনের কথা বলছে, আমি অবাক হয়ে যাই, এরা কোন দায়িত্বশীল নেতা? এরা উন্মাদের মতো পাগলের প্রলাপ বকা ছাড়া কিছুই করে না। এরা মানুষের দুর্যোগকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকারের ১০ বছরের রাষ্ট্র পরিচালনার সময়ে প্রত্যেকটি দুর্যোগ দক্ষভাবে মোকাবেলা করেছে দেশবাসী দেখেছেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের ব্রিফিং এর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুনেসা ইন্দিরা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম মুন্সি, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন