
নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হবে আগামী ৬ মে সোমবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে না থাকায় আমরা ওইদিন শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেব। ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।’ অন্যান্য বছর সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনে অবস্থান করায় এবার সেই ব্যবস্থার ব্যত্যয় হলো।