
নিউজ ডেস্ক: প্রবল পরাক্রম নিয়ে লোকালয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী দানবীয় ঘূর্ণিঝড় 'ফণি'। কতটা ভয়ঙ্কর হবে তার তাণ্ডব? এই নিয়ে চলছে নানান অংক। আতঙ্কে প্রমাদ গুনছে সবাই। আগামীকাল শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে আছড়ে পড়াতে পারে এই ঝড। আর সন্ধ্যার পর তা পৌঁছে যাবে বাংলাদেশ উপকুলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পরও সহজেই কাটবে না এর প্রভাব। ঝড়ের পরবর্তী দুদিন ধরে ঝড়বৃষ্টির দাপট চলবে বলে আগাম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে নিরাপদে থাকতে কী করবেন আর কী করবেন না, জেনে নিন।
ঘূর্ণিঝড়ের আগে:
- কোন প্রকার গুজবে কান দেবেন না, শান্ত থাকুন। অযথা আতঙ্কিত হবেন না।
- মোবাইল ফোনের ব্যাটারি ফুল চার্জ করে রাখুন। যাতে যোগাযোগে কোনও বিঘ্ন না ঘটে। ব্যাটারি খরচ কমাতে এসএমএস করুন। যদি ঘরে পাওয়ার ব্যাংক থাকে সেগুলোও চার্জ করে রাখুন।
- আপনার দরকারি নথি ( জাতীয় পরিচয় পত্র, সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট প্রভৃতি) প্লাস্টিক প্যাকেট পুরে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
- পর্যাপ্ত খাবার, জল, জরুরী প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখুন।
- বাড়ির উঁচু জায়গায় কোনও ভারী বা ধাতব জিনিস থাকলে সরিয়ে ফেলুন।
- গবাদি পশুকে সুরক্ষা নিশ্চিত করুন।
- উপকুলের মত্স্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে শক্ত করে বেঁধে রাখুন।
-কোন বড় গাছের নিচের কোন ঘরবাড়িতে থাকবেন না বা আশ্রয় নিবেন না ।
ঘূর্ণিঝড়ের সময় ও পরে:
- ফ্রিজ, টিভি, কম্পিউটার, গ্যাসের লাইন, সমস্তরকম চার্জিং প্রভৃতি বন্ধ রাখুন।
- বাড়ির মেইন ইলেক্ট্রিক সুইচটি বন্ধ করে দিন।
- দরজা, জানলা ভালোভাবে বন্ধ করে রাখুন।
- কাঁচাবাড়ি হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।
- দুর্যোগের পর জল ফুটিয়ে খান।
- যাদের বাড়িতে ইলেকট্রিক পিউরিফায়ার রয়েছে, তাঁরা অন্তত দিন তিনেকের জন্য পানীয় জল মজুত করে রাখুন।
- সরকারি সতর্কবার্তায় নজর রাখুন।
- ঝড বৃষ্টি থেকে বাঁচতে কোনও পরিত্যক্ত বাড়ির ভিতর বা পুরনো বাড়ির বারান্দার নীচে আশ্রয় নেবেন না।
- রাস্তায় চলার সময় বিদ্যুতের খুঁটি, তার, হোর্ডিং দেখে চলুন।
- রাস্তায় চলার সময় মোবাইল ফোনে কথা বলবেন না।