
নিউজ ডেস্ক: সারাদেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের। আর এ সকল ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন অন্চল থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, রাজশাহী, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় সর্বমোট আটজন নিহত হয়েছে।
রাজশাহী: রাজশাহীর বাঘায় নছিমনকে বাঁচাতে গিয়ে বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে।ভোর সোয়া ছয়টার দিকে উপজেলায় মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাসের হেলপার বাঘা পৌর এলাকার শমসেরের ছেলে আব্দুল হানিফ (২৭), বাসের যাত্রী ওই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৪৫)।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় আসলে হঠাৎ বাসের সামনে একটি নসিমন চলে আসে। নসিমনটিকে বাঁচাতে দ্রুত থামতে গেলে বাসটি উল্টে যায়। এতে বাসের হেলপারসহ দুই যাত্রী নিহত হন।দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ১২ জন। তাদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাগেরহাট: বাগেরহাটের রামপালে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে তিনজন। আহত হয়েছেন আরও ছয়জন।সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মোংলা উপজেলার চিলা গাববুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) ও একই উপজেলার মাকড়ডোন এলাকালার সঞ্জিত মণ্ডল (৫০)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।নিহতদের মরদেহগুলো উদ্ধার করে কাটাখালি হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ।আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থা গুরুতর হওয়ায় গোলাম মোস্তফা নামে একযাত্রীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে একটি মাহেন্দ্র সংযোগ সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ মরদেগগুলো উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং একজনকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে সিএনজিচালিত এক আটোরিকশার চালক নিহত হয়েছে। এ সময় আরও দুই অটোরিকশা চালক আহত হন।ভোরে শহরের উত্তর তেমুহনী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে।নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।স্থানীয়রা আহত অবস্থায় চালক নুর হোসেন ও ইব্রাহিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহত নুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।পুলিশ জানান, রায়পুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাগুলোকে চাপা দেয়। এ সময় এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় তিনি অটোরিকশার ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ ঘটনায় আহত হন আরও দুই চালক।লক্ষ্মীপুরে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) সোলাইমান বলেন, ঘটনার পর ট্রাকচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
সাভার: ঢাকার সাভারে বাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছে। তার নাম নূরজাহান (২৭)।সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নূরজাহানের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লামহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাভারের কর্ণপাড়া এলাকায় ওই নারী পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে গেছে।