
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের দুই শিক্ষককে অধ্যাপক পদে দেওয়া পদোন্নতি স্থগিত করে অধ্যাপক পদে জ্যেষ্ঠতা বহাল রাখার বিষয়টি ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত নয় এপ্রিল হাইকোট উপাচার্যকে এ নির্দেশ দিয়েছেন। এ বিষয়ের নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) পুনরায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বরাবর আবেদন করেছেন রিটকারী অধ্যাপকদ্বয়। এর আগে বাংলা বিভাগে দুই শিক্ষকের পদোন্নতিতে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে’ দাবি করে হাইকোর্টে আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার।
জানা যায়, ২০১৯ সালের ১৮ই জানুয়ারি ৩০৪ তম সিন্ডিকেট সভায় ড. ফারহানা আখতার ও ড. হিমেল বরকতকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। ৩০৪তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৮ই জানুয়ারি অপরাহ্ন থেকে পদোন্নতি কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ২৪ জানুয়ারি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত ৩০৪ তম সিন্ডিকেট সভার আলোচ্যসূচি নয় নং কার্যবিবরণীতে (পত্রসংখ্যা: জাবি/ রেজি/কা. শা-৮/২০১৯/৮৪(১৩) বলা হয়েছে, সহযোগী অধ্যাপক ড. ফারহানা আখতার ও ড. হিমেল বরকতের অধ্যাপক পদে পদোন্নতি ২০১৮ সালের ৪ জুন থেকে কার্যকর হবে। খোঁজ নিয়ে জানা গেছে, এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ জন অধ্যাপক অধস্তন হয়েছেন।
সিন্ডিকেটের ওই সিদ্ধান্তের ফলে অধ্যাপক নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন ও আইনের ব্যত্যয় ঘটার ব্যাখ্যা চেয়ে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব বরাবর আবেদন করেন বাংলা বিভাগের ওই অধ্যাপকদ্বয়। তবে এ আবেদনে কোনো সাড়া পান নি তারা। এ অবস্থায় জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়েছে দাবি করে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে অধ্যাপক ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্টে রিট করেন (রিট পিটিশন নং: ১৪০০/২০১৯)। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য বরাবর গত ২৮ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন তারা। দ্বিতীয় আবেদনেও কোনো জবাব পাননি তারা। ।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে সিন্ডিকেট সভায় ১৮ জানুয়ারি দু’জনকে দেওয়া পদোন্নতি ও পদোন্নতির ভূতাপেক্ষ কার্যকারিতার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়। এই রুলের জবাব না পেয়ে পুনরায় হাইকোর্টে আরেকটি আবেদন করেন অধ্যাপকদ্বয়। এ আবেদনের শুনানি শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর করা রিটকারীদের আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।