
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরীর কুলখানিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ সেলিমের বনানীর বাসায় যান তিনি। এসময় তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। এর আগে বাদ আসর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের কুলখানি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুলউল আলম হানিফ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আসলামুল হক ও সাদেক খান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, আত্মীয়-স্বজনসহ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কুলখানিতে শরীক হন।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মহিউদ্দিন কাসেমী জায়ান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, গত ১৮ এপ্রিল আমার মেয়ে, জামাতা ও দুই নাতি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে সন্ত্রাসী হামলায় নাতি ফুলের মতো নিষ্পাপ জায়ান চৌধুরী নিহত হন এবং তার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, আমি এই নিষ্ঠুর হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা ভুলে গেছি। শেখ ফজলুল করিম সেলিম শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের রুহের শান্তি কামনা এবং তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ আহতদের দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া চান। গত বুধবার জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর জানাজা শেষে বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।