
নিউজ ডেস্ক: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এখন কেবল ঘোষণার অপেক্ষায়। আজ কমিটির তালিকা তুলে দেওয়া হবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তার নির্দেশনা পেলেই যে কোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে। আর আগামী সাত দিনের মধ্যে ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও। ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্ব পাওয়া শীর্ষ নেতৃত্বের তথ্যমতে, চুলচেরা যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। যেহেতু এর আগে ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ ছিল, সেদিক বিবেচনায় পদপ্রত্যাশীদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর নিয়ে কমিটিতে রাখা হয়েছে।
গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই সভাপতির পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়ার পর নানা ইস্যুতে ব্যস্ত হয়ে পড়েন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। ফলে পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হন তারা। এ ছাড়াও তারা গ্রুপিংয়ে জড়িয়ে পড়েন। গত ১৫ এপ্রিল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে দীর্ঘসূত্রতা ও নেতিবাচক কর্মকান্ডে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে প্রয়োজনে ছাত্রলীগের বর্তমান দুই সদস্যের কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন সম্মেলন করার হুমকি দেন তিনি। সেদিন তার বাসভবন গণভবনে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের চার নেতাকে ছাত্রলীগের বিষয়টি দেখভালের দায়িত্ব দেন তিনি।