
নিউজ ডেস্ক: দেশের রাজনীতিতে শিগগিরই কিছু পটপরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজনীতির মাঠে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচিত বিএনপির শীর্ষপর্যায়ে এক ধরনের সমঝোতার আভাস দেখা যাচ্ছে। ইস্যু-দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি। এ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দের আলোচনা চলছে। যদি সমঝোতা হয়, তবে প্যারোলে কিংবা জামিনে মুক্তি পেতে পারেন খালেদা জিয়া।এ ক্ষেত্রে প্রধান অনুঘটক হতে পারে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ করার বিষয়টি। কিছুদিনের মধ্যেই তাই বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটতে পারে। যদিও এ সমঝোতা নিয়ে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না আওয়ামী লীগ বা বিএনপির দায়িত্বশীল কোনো নেতাই। তারা বরং বলছেন, খালেদা জিয়ার কারামুক্তির সঙ্গে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের কোনো সম্পর্কই নেই।জানা গেছে, প্যারোলে খালেদা জিয়ার মুক্তির পক্ষে আওয়ামী লীগ। আর বিএনপি চায় তাদের শীর্ষ নেত্রী জামিনে মুক্ত হোক। বিষয়টি কোন দিকে গড়াচ্ছে অল্প সময়ের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। কারণ ২৯ এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদদের অথবা শপথ নেওয়ার জন্য আরও সময় চেয়ে আবেদন করতে হবে। নয়তো তাদের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের সূত্রের খবর, সমঝোতা হলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। এর অন্যথা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
চিকিৎসার পর তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হবে। নাজিমউদ্দীন রোডের অস্থায়ী কারাগারে খালেদা জিয়ার ফেরার আর কোনো সম্ভাবনা নেই। ২৯ এপ্রিলের আগেই তাই তাকে সিদ্ধান্ত নিতে হবে-কী করবেন? দেশের বাইরে যাবেন, না কাশিমপুর কারাগারে? নাজিমউদ্দীন রোডের অস্থায়ী কারাগারে সরকার অন্য স্থাপনা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। সেখানে আর ফেরা হচ্ছে না তার-এটি মোটামুটি নিশ্চিত।এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী ছয়জনের মধ্যে একজন গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্যরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত, বলছে সরকারের একাধিক সূত্র।