
নিউজ ডেস্ক: অবশেষে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বিএনপির এমপি জাহিদুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ সচিবালয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি শপথ গ্রহন করেন। উল্লেখ্য বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও–৩ আসনের সাংসদ জাহিদুর রহমান আজ বৃহস্পতিবার সকালে শপথ নেওয়ার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীর শারমিন চৌধুরীকে চিঠি লেখেন। চিঠি পাওয়ার পরপরই শুরু হয় শপথ অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিকতা। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ নিউজ৭১ অনলাইনকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পরে সংসদ সচিবালয় থেকে দুপুর পৌনে ১২টায় জাহিদুর রহমানের শপথ অনুষ্ঠানের সময় ধার্য করা হয় । বেলা সাড়ে ১১টা থেকে জাহিদুর রহমানের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং দুপুর ১২টায় শপথ গ্রহনের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ–রানীশংকৈল) থেকে ধানেরশীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। বর্তমান সংসদে রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন। তিনি ১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করে আসছেন। কিন্ত কখনই জয়ী হতে পারেননি। তার দীর্ঘ ২৭ বছর চেষ্টার পর এবার দলমতের উর্ধ্বে মানুষের সহানুভূতির কারণেই তিনি জয়ী হয়েছেন বলে জানান এলাকাবসী ।একাদশ সংসদ নির্বাচনে জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান। এ ছাড়া মহাজোটের প্রার্থী মো. ইয়াসিন আলী (নৌকা) ৩৮ হাজার ৬৩ ভোট পেয়ে তৃতীয় হন। জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ২৭ হাজার ১৮২ ভোট পেয়ে চতুর্থ হন।