News71.com
 Bangladesh
 25 Apr 19, 10:43 AM
 242           
 0
 25 Apr 19, 10:43 AM

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামীকাল শুক্রবার গণফোরামের বিশেষ কাউন্সিল॥  

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামীকাল শুক্রবার গণফোরামের বিশেষ কাউন্সিল॥   

নিউজ ডেস্কঃ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামীকাল শুক্রবার গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৮ বছর পর এই বিশেষ কাউন্সিলে বসতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। দেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দল পুনর্গঠনের মাধ্যমে তৃণমূল পর্যন্ত আন্দোলন চাঙ্গা করা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন করে আয়োজনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারসহ জনগণের সামনে একটি সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য তুলে ধরা এই তিনটি প্রধান লক্ষ্য নিয়েই আয়োজন করা হচ্ছে এই বিশেষ কাউন্সিল। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ, দলীয় নির্দেশ অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া দলের দুই নেতাকে নিয়ে সিদ্ধান্তের বিষয়গুলোও থাকবে আলোচনায়। এছাড়া রাজপথের বিরোধী দল বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়টিও কাউন্সিলে আলোচিত হতে পারে। আগামীকাল ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে গণফোরামের এই কাউন্সিল। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, কাউন্সিলের মাধ্যমে গণফোরাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা নিয়ে হাজির হবে।

সংশ্লিষ্টরা বলছেন, গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত বছরের শেষের দিকে গা ঝাড়া দিয়ে উঠেছিল গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ওই সময় গণফোরামের সাংগঠনিক দুর্বলতার বিষয়গুলো উঠে আসেনি। কিন্তু গত আট বছরে কাউন্সিল না হওয়ায় দলের সাংগঠনিক শক্তি অনেকটাই খর্ব হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই যেমন মারা গেছেন, তেমনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বসহ নতুন অনেকেই। বর্তমানে বিভাগীয় ও জেলা কমিটিগুলোও একেবারেই সক্রিয় নয় বললেই চলে। এ পরিস্থিতিতে দলকে পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য এর আগে, গণফোরামের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১১ সালে।এরপর গত আট বছরে কাউন্সিল না হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়ে। কেন্দ্রসহ বিভাগীয় ও জেলা ইউনিটগুলো কর্মসূচির মধ্যেও নেই। ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে পুনর্গঠন করে চাঙ্গা করে তোলাই গণফোরামের এই কাউন্সিলের প্রধানতম লক্ষ্য। তবে দল পুনর্গঠনই কেবল নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি রয়েছে গণফোরামের। কিন্তু সেই দাবি আদায় করতে হলে সারাদেশে দাবির পক্ষে জনসমর্থন সংগ্রহ করতে হবে এবং সেই জনমত নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ কাউন্সিলে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন গণফোরামের কেন্দ্রীয় নেতারা। কাউন্সিল থেকে এ বিষয়ে সারাদেশে রাজনৈতিক কর্মসূচি ঘোষণারও কথা রয়েছে। এর বাইরে দেশের বর্তমান প্রেক্ষাপটে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চায় গণফোরাম। দেশের মানুষের সামনে রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরতে চায় দলটি। শুধু তাই নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগকেও বিশেষ বার্তা দিতে চায় এই দল। আর সেই লক্ষ্যে কাউন্সিল থেকে দলের একটি লিখিত বক্তব্য প্রচারের কথা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন