
নিউজ ডেস্ক: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও পুলিশের দায়িত্বহীনতার বিষয়ে জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওই ঘটনায় সোনাগাজী থানা থেকে প্রত্যাহার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট ৪০ জনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।নুসরাত হত্যার তদন্তে গঠিত পুলিশ হেড কোয়ার্টার্সের উচ্চ পর্যায়ের কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।দায়িত্বশীল সূত্র জানায়, নুসরাতকে যৌন হয়রানির পর তাকে আগুন দেয়া এবং তার মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে যেসব পুলিশ কর্মকর্তা যুক্ত ছিলেন তাদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। এই তালিকায় পুলিশ সুপার ও ওসিসহ মাদরাসা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।সোনাগাজী থানার আলোচিত ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদরদফতরে রাখা হয়েছে।বিভিন্ন গণমাধ্যমে ‘ওসি দেশ ছেড়ে পালাতে পারেন’- এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন, এপিবিএন সদরদফতর অত্যন্ত শৃঙ্খল ও নিরাপত্তা বেষ্টিত। এখান থেকে চাইলেই কেউ চলে যেতে পারেন না।তবে জেলা শহরের কোনো ওসিকে ক্লোসড করা হলে তাকে ওই জেলায় বা রেঞ্জ ডিআইজির অফিসে সংযুক্ত করা হয়। ওসি মোয়াজ্জেমকে ঠিক কেন এপিবিএন সদরদফতরে রাখা হয়েছে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কেউ।পুলিশ সদর দফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, ‘তদন্ত চলছে। তথ্য সংগ্রহের প্রাথমিক কাজ শেষ। শিগগিরই প্রতিবেদন জমা দেয়া হবে। প্রতিবেদনে কার কতটুকু দায় ছিল কিংবা আসলেই কারও দায় ছিল কি না- সে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবেদনে যদি পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধের প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের অপরাধ ফৌজদারি সমতুল্য হলে প্রচলিত আইনে মামলা হবে।’তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ ঘটনার তদন্ত মোটামুটি শেষ। এখন প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, ৮-১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া যাবে।তদন্তের বিষয়ে সম্প্রতি ফেনীতে কমিটির প্রধান এবং পুলিশ সদর দফতরের ডিআইজি মো. রুহুল আমীন বলেন, ‘প্রাথমিকভাবে নুসরাতের ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসির ত্রুটি-বিচ্যুতির প্রমাণ পাওয়া গেছে। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাফিলতির বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে কারণ ২৭ তারিখের (২৭ মার্চ) যৌন হয়রানির ঘটনায় স্থানীয় প্রশাসন, মাদরাসার ম্যানেজিং কমিটি যথাযথ ব্যবস্থা নিলে মর্মান্তিক ওই ঘটনা এড়ানো যেত।’তিনি আরও বলেন, ‘আগে থেকেই অধ্যক্ষ সিরাজের অনেক খারাপ হিস্ট্রি ছিল। ব্যাপারটি গভর্নিং বডির সদস্যরাও জানতেন। যদি আগে ব্যবস্থা নেয়া হতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। এটির সঙ্গে স্থানীয় রাজনীতিও জড়িত। একই দলের দুজন কাউন্সিলর অধ্যক্ষের পক্ষে ও বিপক্ষে মানববন্ধন করেছে।