
সনজিৎ সরকার উজ্জ্বল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রোগ ব্যাধিমুক্ত জীবন যাপনের মৌলিক অধিকারকে সংরক্ষিত করার জন্য ১৯৭১ সালের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র চালু হয়। তবে সময়ের সাথে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে চিকিৎসা কেন্দ্রটি। অনুসন্ধানে জানা যায়, অবকাঠামো ও জনবল সংকট বিশেষত ডাক্তার, নার্স; অপ্রতুল বাজেট এবং প্রয়োজনের তুলনায় চিকিৎসা যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স সংখ্যা কম থাকায় ইচ্ছা সত্ত্বেও রোগীদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছেন না ডাক্তাররা। এ কারণে মেডিক্যাল সেন্টারের মানোন্নয়নে প্রশাসনের অবহেলাকে দায়ি করে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। স্বল্প সময়ের ব্যবধানে কয়েক দফায় শিক্ষার্থীরা মেডিক্যাল সেন্টারটির যাবতীয় সমস্যা সমাধানে প্রশাসনের কাছে জোর দাবি জানালেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে দীর্ঘসূত্রিতা করছে । সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর উন্নয়ন প্রকল্পে দুটি অ্যাম্বুলেন্স ক্রয় ব্যতীত কোন বাজেট নেই চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট খাতে। আর এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সূত্র বলছে, অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের কথা ভাবছে প্রশাসন।
অনুসন্ধানে জানা যায়, ২০০৫ সালের পর মেডিক্যাল সেন্টারে নতুন কোন ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে প্রধান মেডিক্যাল অফিসার এবং অতিরিক্ত মেডিক্যাল অফিসার পদ দুটি শূন্য রয়েছে। বর্তমানে নয়জন ডাক্তারের মধ্যে সাতজন ডাক্তার (নিয়মিত) এবং দুজন ছুটিতে আছেন , সাত জন ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব এটেনডেন্ট, রিপোর্ট ডেলিভারি ম্যান সহ প্যাথলজি ইউনিটে মোট ছয় জন, তিন জন নার্স ও দুই জন এইড নার্স, একজন করে সহকারী রেজিস্ট্রার (স্ট্রোর), প্রশাসনিক কর্মকর্তা, উচ্চমান সহকারী , কম্পিউটার অপারেটর , নিন্মমান সহকারী, আয়া, ক্লিনার রয়েছে; ছয়জন ড্রাইভার, সাত জন পিয়ন এবং তিন জন ওয়েট সুইপার দিয়ে মেডিক্যাল সেন্টারের কাজ চলছে। মেডিক্যাল সেন্টারে রোগীদের সেবা নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী অতিরিক্ত ১৪ জন মেডিকেল অফিসার, তিনজন ই.সি.জি টেকনিশিয়ান, স্টাফ নার্স ও নার্স মিলিয়ে মোট ৮জন নার্স , ছয়জন ওয়ার্ড বয় , চারজন কাউন্টার ম্যান এবং ২ জন ক্লিনারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চাহিদাপত্র পাঠিয়েছে চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমান। এছাড়াও তিনি প্রশাসনের নিকট চিকিৎসা কেন্দ্রে ডেনটাল ইউনিট, রেডিওলজি এন্ড ইমেজিং ইউনিট এবং ফিজিও থেরাপি ইউনিট স্থাপনের সুপারিশ করেছেন।
ওষুধ ক্রয়, ড্রেসিং ও প্যাথোলজি রিঅ্যাজেন্টসহ যাবতীয় ব্যয় নির্বাহের জন্য বছরে মাত্র ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয় মেডিক্যাল সেন্টারটিতে। যা চাহিদার তুলনায় নিতান্তই কম। এছাড়াও মেডিক্যাল সেন্টারের চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে তিনটি লক্কর-জক্কর, একটি বিকল। সঠিক মেরামতের অভাবে অ্যাম্বুলেন্স হঠাৎ করে যেকোনো সময় চলতি পথে বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে।
পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং উপযুক্ত শিক্ষাদান ও শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে (অক্টোবর ২০১৮ হতে মার্চ ২০২২ সাল) মেয়াদে ১৪৪৫.৩৬ কোটি টাকার একটি প্রকল্প ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্পের আওতায় ছয়টি হল (তিনটি ছাত্র এবং তিনটি ছাত্রী), শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আটটি আবাসিক ভবন নির্মাণ, কর্মচারীদের জন্য তিনটি আবাসিক ভবন নির্মাণ , একটি লেকচার থিয়েটার ও পরীক্ষার হল নির্মাণ , নতুন আরেকটি প্রশাসনিক ভবন নির্মাণ , আধুনিক লাইব্রেরি ভবন নির্মাণ , বিদ্যমান পাঁচটি ভবনের আনুভূমিক এবং উদ্ধমুখী সম্প্রসারণ, একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ, যানবাহন ক্রয় চারটি (একটি পিক আপ, একটি মিনি বাস এবং দুটি অ্যাম্বুলেন্স ) ইত্যাদি কাজ হবে। তবে মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের জন্য এ প্রকল্পে কোন বরাদ্ধ রাখা হয়নি দেখে রীতিমত অবাক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের ৪৭তম ব্যাচের তনুশ্রী দাস জাানান , মেডিক্যাল সেন্টারের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়ে ফেলছে। এখন তা নাপা সেন্টার নামেই বেশি পরিচিত।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার মানুষ এই মেডিক্যাল থেকে সেবা নেয়, তাই একটা পূর্ণাঙ্গ মেডিক্যাল নির্মাণ করা জরুরি। এতো দিনের সংকট প্রশাসনের অব্যবস্থাপনার কারণেই তৈরি হয়েছে।
কিছুদিন আগে মেডিক্যাল সেন্টারের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের যে আশ্বাস প্রশাসন দিয়েছে। সে কাজের অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, মেডিক্যাল সেন্টারের বাজেট বৃদ্ধির বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীরা মেডিক্যাল থেকে দেশের সবচেয়ে ভাল কোম্পানিগুলোর ওষুধ পাচ্ছে। দুটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া চলমান। ই.সি.জি মেশিন কেনা হয়েছে, ধীরে ধীরে চাহিদা অনুযায়ী সকল যন্ত্রপাতি কেনা হবে। আমরা যদি যথাযথভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারি, তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধিনে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।